ছোট পর্দা দিয়ে অভিনয় শুরু করেছিলেন রিফাত চৌধুরী। অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি। একসময় নিয়মিত নাটকে দেখা গেলেও এখন অভিনয়ে অনিয়মিত রিফাত চৌধুরী। করোনা মহামারীর সময় অভিনয় থেকে বিরতিতে চলে যান এ অভিনেতা। ছিলেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদিতে। সম্প্রতি অভিনয়ে ফিরেছেন আবার। এরই মধ্যে আগামী ঈদের জন্য একটি সাত পর্বের ধারাবাহিকে অভিনয় করছেন বলে জানান তিনি। নাটকটি পরিচালনা করছেন মাইদুল রাকিব। এছাড়া তিনি রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমায় অভিনয়েও ব্যস্ত আছেন।
কাজে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে রিফাত চৌধুরী বলেন, ‘বলা যায়, আমি বেশ কিছুদিন অভিনয় থেকে একটু দূরে ছিলাম। এখন আবার অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠার চেষ্টায় আছি। নিয়মিত কাজ করার চেষ্টা করছি। তবে এটা সত্যি, আমার অভিনয় জীবনকে সামনে তুলে আনার ক্ষেত্রে বা আজ অভিনেতা হিসেবে যতটুকুই হতে পেরেছি, সেটা মোস্তফা সরয়ার ফারুকীর কারণেই। আর আমারও মনের জোর ছিল। তবে লেখালেখি আমাকে খুব টানে। অভিনয় ও লেখালেখি দুটোই নিয়মিত করে যেতে চাই। বাকিটুকু দর্শকের ভালোবাসা।’
অভিনেতা পরিচয়ের আগে তিনি একজন কবি। ১৯৮৪ সালে রিফাত চৌধুরীর প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’ প্রকাশ হয়। প্রকাশিত বই আছে ১৭টি। সর্বশেষ গত বছর প্রকাশ হয় ‘অনেকে পড়েনি’। আগামী বইমেলায় প্রকাশ পাবে ‘সবুজ পাতার কারখানা’ নামক কবিতার বই।
রিফাত চৌধুরী প্রথম অভিনয় করেন নূরুল আলম আতিকের পরিচালনায় ‘বিজন মানুষ’ নাটকে। তবে অভিনয়ে তার টার্নিং পয়েন্ট ছিল মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় দর্শকপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটক ‘সিক্সটি নাইন’। এতে তিনি স্বনামে অভিনয় করেছিলেন। ‘রিফাত কাকা’ নামেই তিনি তখন বেশ আলোচনায় চলে আসেন। ফারুকীর নির্দেশনায়ই তিনি ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেছিলেন।










