তরুণ টিভি অভিনেত্রীদের মধ্যে অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন নাজনীন নীহা। খুব বেশি নাটকে কাজ না করলেও অল্প কাজেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। এবার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নতুন নাটকে অভিনয় করেছেন। এর নাম যুগল। এতে নীহার বিপরীতে অভিনয় করেছেন নতুন নায়ক রেহান। নাটকটির শুটিং সম্পাদনা শেষে এখন রয়েছে সম্প্রচারের অপেক্ষায়।
নির্মাতা জানান, ৩০ অক্টোবর রাত সাড়ে ১০টায় যুগল প্রথমে সম্প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। তারপর উঠবে ইউটিউব চ্যানেলে। যুগলের গল্প প্রসঙ্গে কিছুটা আগাম আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। যাতে দেখা যাবে, আহনাফ অনেক দিন ধরে ফেসবুকে একটা মেয়েকে ফলো করে। মেয়েটির পোস্ট, ভিডিও তার ভালো লাগে। কিন্তু কখনো কোনো রিঅ্যাক্ট দেয় না, কমেন্টও করে না। নাম তন্নী। হঠাৎ একদিন তাকে আর ফেসবুকে পাওয়া যায় না। প্রতিদিন সার্চ করে আহনাফ। আইডি গায়েব। মাস তিনেক পর আহনাফের এক ফটোগ্রাফার বন্ধু তাকে জানায় একটা ফটোশুট আছে, আহনাফ মডেল হবে কিনা। ছাত্রজীবনে আহনাফের মডেল হওয়ার শখ ছিল। তাই অফারটা পেয়েই রাজি হয়ে যায়। ফটোশুটের জন্য প্রস্তুত হয়ে স্টুডিওতে যায় আহনাফ। রেডি হয়ে বসে থাকে, কিন্তু শুট শুরু হয় না। পরে জানা যায়, নতুন মডেল হওয়ায় আহনাফের সঙ্গে শুট করতে রাজি নয় জনপ্রিয় মডেল দীপিকা। এভাবে চলতে থাকে যুগলের গল্প। এতে আহনাফ চরিত্রে অভিনয় করেছেন রেহান। তন্নী চরিত্রে নাজনীন নীহা।
বলা দরকার, নীহার নায়ক ফররুখ আহমেদ রেহানকে প্রথমবার কোনো নাটকে দেখা যাবে। চলতি বছরে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আরারাত’-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন তিনি।
নিজের প্রথম নাটক নিয়ে রেহান বলেন, ‘আরিয়ান ভাই খুব শান্ত ও মেধাবী একজন পরিচালক। আমাকে তিনি যেভাবে গাইড করে নাটকে অভিনয় করিয়ে নিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। নীহাও আমাকে ভীষণ সাপোর্ট করেছেন। আমার প্রথম নাটক হিসেবে আমি ভীষণ উচ্ছ্বসিত। খুব প্রত্যাশা আমার এ নাটক ঘিরে।’










