করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা চলছে। সংবাদ সংস্থা এএনআইকে লতার ভাইঝি রচনা বলেছেন, ‘তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এ বয়সে করোনায় আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়া করে তার জন্য প্রার্থনা করবেন।’ এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল গায়িকার। তাই করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন লতা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষিয়ান গায়িকা। ভারতের নাইটিঙ্গেল হিসেবে খ্যাত লতার বয়স গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ হয়েছে। এমনিতেই লতা বেশ কয়েক বছর ধরে বাড়ির বাইরে বের হন না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তিনি। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, ঘনিষ্ঠ কোনো ব্যক্তি অথবা পরিচারিকা থেকে সংক্রমিত হয়েছেন তিনি।