করণ জোহর যেন বলিউডের ‘নন্দ ঘোষ’। গেল কয়েক বছরে
যেকোনো বিতর্কে অবধারিতভাবে এসেছে তার নাম। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার একটি অভিযোগের
পরিপ্রেক্ষিতে এই নির্মাতার দিকে আঙুল তুলেছিল অনেকেই।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এমন
ঘোলাটে পরিস্থিতিতে কোনো মন্তব্য করেননি ‘দোস্তানা’ সিনেমার প্রযোজক ও নায়িকা। তবে
অন্যভাবে বুঝিয়ে দিলেন, যেমনটা ভাবা হচ্ছে ঘটনা তেমন নয়।
গতকাল শুক্রবার (৩১ মার্চ) স্বামী নিক
জোনাস ও মেয়ে মালতী মেরিকে নিয়ে ভারতে ফিরেছেন প্রিয়াঙ্কা। জোর গুঞ্জন চাচাতো বোন পরিণীতি
চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই তার সফর।
প্রিয়াঙ্কা-নিক গতকাল আমন্ত্রিত ছিলেন
নীতা আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে দীপিকা পাড়ুকোন, রণবীর
সিং, করণ জোহরসহ বলিউডের বহু তারকাই আমন্ত্রিত ছিলেন। করণের মুখোমুখি হতেই উচ্ছ্বসিত
হয়ে জড়িয়ে ধরেন প্রিয়াঙ্কা। পরস্পরের হাত ধরে বেশ কিছুক্ষণ আলাপও করেন তারা। নিক জোনাসের
সঙ্গেও কথা বললেন করণ। এ ঘটনায় অনেক হয়েছেন অনেকে।
এর পেছনে রয়েছে কয়েকদিন আগের ঘটনা। এক
পডকাস্টে প্রিয়াঙ্কার দাবি ছিল, বলিউডের কিছু মানুষের নোংরা রাজনীতির শিকার তিনি। ছবিতে
কাস্ট না করে তাকে একঘরে করে দেয়া হয়েছিল। তাই একপ্রকার বাধ্য হয়েই দেশ ছাড়েন। শুরুতে
আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে অভিষেক হয়। এরপর ‘কোয়ান্টিকো’ সিরিজ দেয় হলিউডে স্থায়ী
ভিত্তি।
রাজনীতির পেছনে প্রিয়াঙ্কা অবশ্য কারো
নাম নেননি। কিন্তু সেই সুযোগ নিতে মুহূর্ত নষ্ট করেননি কঙ্গনা রনৌত। তিনি বলেন, ‘কারো বুঝতে বাকি
নেই করণ জোহরের কথা বলছেন প্রিয়াঙ্কা। শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে প্রিয়াঙ্কাকে
দেশছাড়া করেন তিনি।’
কঙ্গনার এ মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া
দেখা দেয়। অনেকেই বলিউডে বঞ্চিত হওয়া নিয়ে গল্পের ঝাঁপি খুলে বসেন। আর প্রিয়াঙ্কার
নীরবতা বলে দিচ্ছিল কঙ্গনা ঠিকই বলেছেন। এখন করণ জোহরের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতা যেন
উল্টো বার্তা দিচ্ছে!










