জয়া আখতার পরিচালিত দি আর্চিজ স্ট্রিম শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। নেটফ্লিক্সে স্ট্রিম হবে এটি। দি আর্চিজে অভিনয় করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা, বনি কাপুরের মেয়ে খুশি কাপুর ও অমিতাভের নাতি অগস্ত্য নন্দ। টিনএজ ছেলেমেয়েদের গল্প নিয়ে নির্মিত আর্চিজের কাস্টিং ভালো হয়েছে। যদিও নেপোটিজমের ধুয়া তুলেছেন অনেকেই। কিন্তু এর ব্যাখ্যাও নানা সময়ে দিয়েছেন জয়া। তবে তিনি নিশ্চিত করেছিলেন, দুষ্টুমি আর খুনসুটিতে দারুণ উপভোগ্য হবে দি আর্চিজ। তার প্রমাণও মিলল সাম্প্রতিক এক ভিডিওতে। দি আর্চিজ অন নেটফ্লিক্স নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এ ভিডিও আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে মিট কিউট ভিডিও। তারা লিখেছেন, ‘‌এটাকে মিট কিউট ভিডিও বলছি, কারণ আমাদের মনে হয়েছে দি আর্চিজ সবচেয়ে মিষ্টি আর আমরা তাদের সঙ্গে পরিচিত হতে অধীর।’

ভিডিওটি মূলত নির্মিত হয়েছে আর্চিজের প্রমোশনের জন্য। কিন্তু এর মধ্যেই অভিনেতা-অভিনেত্রীদের বাস্তবজীবনের কিছু কথাও এসেছে। যেমন তাদের জিজ্ঞেস করা হয়েছিল তাদের সম্পর্কে অজানা কোনো তথ্য প্রকাশ করতে হলে কে কী প্রকাশ করবেন। তখন সুহানা খান বলেন, ‘‌আমি চোখ মারতে পারি না। চেষ্টা করতে গেলে ব্যাপারটা খুবই বোকা বোকা লাগে।’ অগস্ত্য জানান, তিনি আঙুলে এক রকম আজব শব্দ করতে পারেন। এরপর তিনি সে রকম শব্দ করেও দেখান। খুশি কাপুর জানান, তিনি অত্যন্ত নিয়মানুবর্তী। খুশি বলেন, ‘‌আমি খুব সময় মেনে চলি। আমার মনে হয়, কোথাও যেতে হলে ঠিক সময়ে সেখানে যাওয়া উচিত। চেষ্টা করি অন্তত ৫ মিনিট আগে হলেও যেন সেখানে থাকতে পারি।’

দি আর্চিজে অভিনয় করা তরুণ শিল্পীদের এ ভিডিওতে দেখা যায় আর্চিজের গেটআপে। তারা সবাই মজা করে উত্তর দিচ্ছিলেন প্রশ্নগুলোর। খুনসুটির ভাব ছিল তাদের কথায়। পাশাপাশি সবাই জানাচ্ছেন, আগামী ৭ ডিসেম্বর তাদের অভিষেক কনটেন্ট আনবে নেটফ্লিক্স। এ নিয়ে সবাই দারুণ উচ্ছ্বসিত। ভিডিও ছাড়াও নানা মাধ্যমে দি আর্চিজের প্রচারণা করছেন সুহানা। এর মধ্যে একটি শোয় র‍্যাম্পে হেঁটেছেন তিনি।

জয়া আখতারের দি আর্চিজ নিয়ে বহুদিন ধরেই কথা হচ্ছে। জয়া এর আগে বলেছিলেন, তার অভিনেতা-অভিনেত্রীদের যথেষ্ট সময় নিয়ে তৈরি করেছেন তিনি। এখন দেখার পালা কতটা পেরেছেন জয়া।