জয়া আহসানের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে একই দিনে। আগামী ৯ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ভূতপরী’। সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ।
একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’। এ সিনেমা মুক্তির খবর নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি এ সিনেমা মুক্তি দেয়ার জন্য এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে। পেয়ারার সুবাসে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ। গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছিল এ সিনেমা।
সিনেমাটি মুক্তির বিষয়ে নুরুল আলম আতিক জানিয়েছেন তারা প্রস্তুত। এখন পর্যন্ত সব পদক্ষেপই তারা নিয়েছেন। আলফা আইয়ের সঙ্গে ‘পেয়ারার সুবাস’-এর সহপ্রযোজক চরকি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দ্রুতই এ সিনেমার মুক্তি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
এদিকে জয়া আহসান তার নতুন সিনেমা ভূতপরীর প্রচারণা করছেন। ১ জানুয়ারি থেকে নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ভূতপরীর প্রচারণা শুরু করেছেন তিনি। পেয়ারার সুবাস নিয়ে আগে থেকেই আশাবাদী জয়া। তার প্রথম সিনেমার পরিচালকও নুরুল আলম আতিক। বিদেশে সমাদৃত সিনেমাটি এবার দেশের দর্শকও দেখতে পারবেন।










