নাগ অশ্বিন পরিচালিত সিনেমা প্রজেক্ট কে। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস, কমল হাসান, অমিতাভ বচ্চন, রানা দাগুবতি ও দীপিকা পাড়ুকোন। সাইফাই সিনেমাটি নিয়ে ভারতের সিনেমাপ্রেমীদের আগ্রহ অনেক। সিনেমাটি বারবার খবরের শিরোনাম হচ্ছে। সিনেমায় দীপিকার লুক প্রকাশ হয় মঙ্গলবার। গতকাল প্রভাসের লুক ও পোস্টার প্রকাশ করা হয়। তবে লুক দুটি দর্শকদের খুব একটা ভালো লাগেনি। প্রথমত দীপিকার লুক সাদামাটা। দ্বিতীয়ত লুক প্রকাশও হয়েছে সাদামাটাভাবে। পাশাপাশি একটি নতুন খবরও শোনা যাচ্ছে। সান দিয়েগো কমিক-কনে দীপিকার উপস্থিতি অনিশ্চিত। কমল হাসান, রানা দাগুবতি ও প্রভাস এরই মধ্যে আমেরিকায় পৌঁছেছেন, চলমান ধর্মঘটের কারণে দীপিকা এ অনুষ্ঠানে নাও থাকতে পারেন।

হলিউডে চলছিল চিত্রনাট্যকারদের ধর্মঘট। এ কারণে হলিউডের নানা সিনেমার প্রিমিয়ারে অনুপস্থিত থেকেছেন চিত্রনাট্যকাররা। যেমন বারবির প্রিমিয়ারে ছিলেন না এ সিনেমার চিত্রনাট্যকার। চিত্রনাট্যকারদের এ ধর্মঘটে পরবর্তী সময়ে যোগ দিয়েছেন অভিনেতা ও অন্যরা। এর মধ্যে আছেন টেলিভিশন ও রেডিও আর্টিস্টরা। কিছুদিন আগে রাইটার্স গিল্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটে যুক্ত হয়েছে এসএজি-এএফটিআরএ (স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস)। দীপিকা এ সংগঠনের একজন সদস্য। সে কারণে নৈতিকভাবে দীপিকা কমিক-কনে অংশগ্রহণ করতে পারেন না। ইন্ডিয়া টুডে মোটামুটি নিশ্চিত করেই জানিয়েছে দীপিকা কমিক-কনে উপস্থিত হচ্ছেন না। কেননা এ সংগঠনের সিদ্ধান্ত অনুসারে সংগঠনের সদস্যরা তাদের সিনেমার কোনো রকম প্রচারে উপস্থিত হবেন না।

সূত্র: ইন্ডিয়া টুডে