শাহরুখ খান অভিনীত অন্যতম সফল সিনেমা ‘‌‌পাঠান’। এ সিনেমার সাফল্যের পর স্পাই ইউনিভার্স নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে যশরাজ ফিল্মস। পাঠানের সঙ্গে ‘‌টাইগার’ ও ‘‌ওয়ার’ নিয়ে আলাদা বড় স্টোরিলাইন দিয়ে বেশ বড় হওয়ার কথা এ ইউনিভার্স। শুটিং শুরুর আগেই ওয়ার টুর মুক্তি নিয়ে বড় পরিকল্পনা করছেন প্রযোজক আদিত্য চোপড়া। এ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে দেখা মিলবে আরআরআরের তারকা জুনিয়র এনটিআরের। টাইগার থ্রি মুক্তি পাওয়ার পর শুরু হবে ওয়ার টুর শুটিং। সিনেমাটি পরিচালনার দায়িত্ব নেবেন ‘‌ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জি।

এরই মধ্যে জানা গেল ওয়ার টু মুক্তির তারিখ। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন বলছে, যশরাজ ফিল্মস সূত্রে জানা গেছে, স্পাই ইউনিভার্সের ওয়ার টুর শুটিংয়ের আগেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন। নতুন ছবির শুটিং শুরুর আগেই মুক্তি নিয়ে পরিকল্পনা সেরে ফেলেছেন আদিত্য চোপড়া। ২০২৫ সালে ভারতের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহে সিনেমা হলে মুক্তি পাবে ওয়ার টু।

চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকার স্পাই থ্রিলার ফিল্ম পাঠান। যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স ফিল্ম বক্স অফিসে সাফল্য পাওয়ার পরই একঝাঁক নতুন ছবি নিয়ে গুঞ্জন শোনা গেছে। তালিকায় রয়েছে ওয়ার টুসহ বেশ কয়েকটি সিনেমা। আগামী ১০ নভেম্বর দিওয়ালিতে মুক্তি পাচ্ছে মণীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি। এ সিনেমায় সালমান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিলেনের ভূমিকায় দেখা যাবে ইমরান হাশমিকে। ক্যামিও রোলে দেখা যাবে শাহরুখ খানকেও। টাইগার থ্রি মুক্তি পাওয়ার পরই চলতি বছরের শেষ দিকে ফ্লোরে আসবে ওয়ার টু। সিনেমাটি আদিত্য চোপড়ার প্রযোজনায় একটি মেগা প্রজেক্ট হতে চলেছে। কারণ সিনেমাটির শুটিং থেকে কাস্টিং সবকিছুতেই অভিনবত্ব দেখাবে বলে জানিয়েছে স্পাই ইউনিভার্স। ‘ওয়ার টু’র প্রথম অংশ ‘‌ওয়ার’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালের অক্টোবরে। এটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ।

সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা