সময়টা যেন কৃতি শ্যাননেরই। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এ বছর আলিয়া ভাটের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি বেশকিছু প্রজেক্ট শুরু করেছেন। এর মধ্যে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান একটি। এছাড়া আসছে টাইগার শ্রফের সঙ্গে নতুন সিনেমা ‘‌গণপত—আ হিরো ইজ বর্ন’। গণপতের মাধ্যমে টাইগার শ্রফের সঙ্গে ফের জুটি বাঁধছেন কৃতি শ্যানন। সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভের সঙ্গে একটি কথোপকথন হয়েছে কৃতির। সেখানে নানা প্রসঙ্গের পাশাপাশি তিনি নতুন সিনেমা ও টাইগার শ্রফের সঙ্গে অভিনয়ের বিষয়েও কথা বলেছেন।

টাইগার সম্পর্কে কৃতি বলেন, ‘‌তাকে দেখলে মনে হয় তার ওপর ফটোশপ চালানো হয়েছে। সবসময়ই এ রকম লাগে। 

কিন্তু আসলে সে মোটেও তেমন না। টাইগার শৃঙ্খলা মেনে চলা মানুষের মধ্যে একজন।’ টাইগারকে কৃতি অনেকদিন ধরেই চেনেন। বলিউডে কৃতির অভিষেক হয়েছিল ২০১৪ সালে ‘‌হিরোপান্তি’র মাধ্যমে। সিনেমাটিতে তিনি টাইগারের বিপরীতেই অভিনয় করেছিলেন। ২০২২ সালে হিরোপান্তির সিকোয়াল হিরোপান্তি টুয়েও একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। স্বাভাবিকভাবেই কথোপকথনে এসেছিল এ প্রসঙ্গ। তাকে জিজ্ঞেস করা হয়েছিল হিরোপন্তি থেকে গণপত পর্যন্ত কী কী বদল হয়েছে।

উত্তরে কৃতি বলেন, ‘‌আমার মনে হয় দুজনেই আমরা ব্যক্তি ও অভিনেতা উভয় ক্ষেত্রেই আগের তুলনায় পরিণত হয়েছি। হিরোপান্তির সময়ের তুলনায় টাইগার নিজেকে অন্য ধরনের চরিত্রে দেখার চেষ্টা করছে। তাকে আগের চেয়েও গ্ল্যামারাস লাগে। এছাড়া আরো মনে হয় সে আগের তুলনায় অনেক আত্মবিশ্বাসী। নিজের ধারায় কাজ করে যাওয়ার চেষ্টা করছে।’ কৃতির মতে হিরোপান্তির সময় তারা দুজনেই বয়স ও অভিজ্ঞতায় ছোট ছিলেন। অভিনয়ের অনেক জায়গা বা দৃশ্যে তারা নার্ভাস হয়ে পড়তেন। 

একটি অভিজ্ঞতা স্মরণ করে কৃতি বলেন, ‘‌একটি দৃশ্যে আমার গালে চুমু খাওয়ার কথা ছিল কিন্তু সে (টাইগার) প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিল। এখন কোনো ধরনের দৃশ্যে টাইগার নার্ভাস হয় না। আর টাইগারের সঙ্গে অভিনয় করা মানে নস্টালজিয়ায় ফেরা।’ 

কৃতি নিজেও শিখেছেন অনেক কিছু। অভিনয়ের স্বীকৃতিও পাচ্ছেন। পাশাপাশি তিনি শুরু করেছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান। তবে গণপত তার জন্যও বিশেষ। কেননা এর আগে তাকে দেখা গেছে রামায়ণের সীতার চরিত্রে। এবার তিনি অভিনয় করছেন সাই-ফাই সিনেমায়। এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন কৃতি। 

গণপত পরিচালনা করেছেন ‘‌কুইন’, ‘‌সুপার থার্টি’খ্যাত বিকাশ বল। 

সূত্র: বলিউড হাঙ্গামা