বিদ্যা সিনহা মিম গত বছর ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন। আর বছরের শেষ দিকে কলকাতার সিনেমা ‘মানুষ’ দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি মিমের ক্যারিয়ারের একটি অংশ মডেলিং। বিভিন্ন সময়ই মডেল হিসেবে র‍‍্যাম্পে হাঁটেন তিনি। এবার মিমের গন্তব্য প্যারিস। ঢাকাই সিনেমার এ অভিনেত্রীকে দেখা যাবে ‘প্যারিস ফ্যাশন উইক’-এর আসরে। বিষয়টি জানিয়েছেন মিম নিজেই।

প্রতি বছর কয়েক সিজনে আসর বসে প্যারিস ফ্যাশন উইকের। বিশ্বের সব নামিদামি ব্যান্ড অংশ নেয় এতে। ফ্রান্সের রাজধানী প্যারিসে আসর জমে এর। যেখানে উপস্থিত থাকে অভিনয় ও সংগীতশিল্পী এবং বিভিন্ন অঙ্গনের তারকা। এবার সে তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশের মিম। 

প্যারিস ফ্যাশন উইকের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেয়া প্রসঙ্গে মিম বলেন, ‘‌আমার জন্য খুব আনন্দের যে আমি এমন একটা আন্তর্জাতিক ফ্যাশন উইকের মঞ্চে যাত্রা করব। পাশাপাশি এটা আমার জন্য সম্মানের। প্যারিস ফ্যাশন উইকের সঙ্গে বাংলাদেশের দু-একজনের যোগাযোগ রয়েছে। প্রথমে তারাই আমার সঙ্গে যোগাযোগ করেন। আর তারপর বিশ্ববিখ্যাত কসমেটিকস ব্র্যান্ড হার্লিন আমার সঙ্গে যুক্ত হয়। আমি প্যারিস ফ্যাশন উইকে এ ব্র্যান্ডের শো স্টপার হিসেবেই অংশ নিচ্ছি।’

বিদ্যা সিনহা মিম জানান, তার প্যারিস ফ্যাশন উইকের প্রস্তুতি শেষ। এবার ফ্রান্সে ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন। ভিসা পেয়েই চলতি মাসের শেষ দিকে প্যারিস ফ্যাশন উইকের উদ্দেশে যাত্রা করবেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী। 

ছোট পর্দায় অভিনয় করলেও গত বছরে ঈদ কিংবা ভালোবাসা দিবসের নাটকে দেখা মেলেনি মিমের। এর কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন বড় পর্দা নিয়ে তার ব্যস্ততার কথা। বছরের শেষ ভাগে মিম শুটিং শেষ করেছেন ‘‌দিগন্তে ফুলের আগুন’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মাণ হচ্ছে সিনেমাটি। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। আর শহীদু্ল্লাহ কায়সারের চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।

এরই মধ্যে নতুন লুকে দেখা গেছে দুই তারকাকে। সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘‌আমি সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রে অভিনয় করতে চাই, যা দর্শককে ভাবাবে এবং ভালো লাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। আমার বিশ্বাস ভালো কিছু হবে। এ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করার আগে তার সম্পর্কে অনেক জানতে হয়েছে। তার অনেক ইন্টারভিউ দেখেছি, পড়েছি। পরিচালকের কাছ থেকে অনেক তথ্য জেনেছি। এছাড়া শমী কায়সার আপুর কাছ থেকেও জেনেছি পান্না কায়সার সম্পর্কে।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি প্রযোজনা করছেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং শুরু হওয়ার কিছুদিন পর ৪ আগস্ট মারা যান পান্না কায়সার। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা আছে। সিনেমাটি মুক্তি পেলে জানা যাবে পান্না কায়সারের চরিত্রে দর্শকের কাছে কেমন সাড়া পান মিম। 

বিদ্যা সিনহা মিমের বড় পর্দায় অভিষেক হয়েছিল হুমায়ূন আহমেদের সিনেমার মধ্যে দিয়ে। ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছিলেন মিম। তার পরের বছর গুণী নির্মাতা ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একের পর এক সিনেমা ও নাটক নিয়ে হাজির হয়েছেন মিম।