নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়ায় আব্দুল বাতেনের টিনশেড বাড়ির পেছনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়ির একটি গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কাজ করতে গিয়ে সিগারেটের আগুন থেকে সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন অন্তত ১০ জন। তাদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন আলম (৪০), জজ
মিয়া (৫০), সাথী
(২০), আসমা
(৪০), হাসিনা
(৩৮) ও শিশু হাফসা (৬)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ আলম ও জজ মিয়ার শরীরের ৯০ শতাংশেরও বেশি পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বাস বা ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার মেরামতের কাজ করার সময় সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০ জন দগ্ধ হওয়ার তথ্য পেয়েছি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।










