ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ২ কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে আটক করে জেল-জরিমানা দেয়া হয়। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন নির্ঝর এ আদেশ দেন।

দণ্ডিতরা হলেন- দেবরাজপুর গ্রামের শাহজানের ছেলে আসলাম হোসেন, পারখিদ্দা গ্রামের ওমর আলীর স্ত্রী সুফিয়া খাতুন, একতারপুর গ্রামের মিলন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বিশ্বাস ও পারখিদ্দা গ্রামের ওসমান আলীর স্ত্রী রেনুকা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ঝিনাইদহ র‌্যাবের একটি দল কালীগঞ্জে অভিযান চালায়। এ সময় নকল বিড়ি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে প্রায় ২ কোটি টাকার নকল বিড়ি ও ব্যান্ডরোল জব্দ করা হয়। এ সময় কারখানার মালিকসহ চারজনকে আটক করা হয়।

পরে আদালত বসিয়ে আসলাম হোসেন ও সুফিয়া খাতুনকে ৬ মাস করে কারদণ্ড প্রদাণ করা হয়। অন্য ২ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল বিড়ি ও ব্যান্ডরোল পুড়িয়ে দেওয়া হয়।