নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। তারা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো চারজন একই হাসপাতালে এখনো চিকিৎসাধীন।

শেখ হাসিনা বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় নিহতরা হলেন মো. আলম হোসেন (৪৫) ও মো. জজ মিয়া (৫০)। রোববার গভীর রাতে তাদের মৃত্যু হয়। দুজনের দেহের ৯০ থেকে ৯৫ শতাংশ অংশ আগুনে ঝলসে গিয়েছিল। ময়নাতদন্ত শেষে আজ সোমবার তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার দুপুর দুইটার দিকে ফতুল্লার আলীগঞ্জের বেপারীপাড়ায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সিগারেটের আগুন থেকে বিস্ফোরণ হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত অন্যান্যরা হলেন-  সাথী (২০), আসমা (৪০), হাসিনা (৩৮) ও শিশু হাফসা (৬)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।