কক্সবাজারের রামুতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সিএনজি চালক। আহত হয়েছেন তিনজন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টায় রামু উপজেলার খুনিয়া পালং ভাঙাব্রিজ এলাকার কক্সবাজার-টেকনাফ সড়কে এই ঘটনা ঘটে।

নিহত সিএনজি নিহত চালকের নাম বদিউল আলম। তার বাড়ি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ কোলালপাড়া এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া পালংখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৯৩৩৫) কক্সবাজার যাওয়ার পথে খুনিয়াপালং এলাকায় কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও দুই যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরো তিনজন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।