ব্রাহ্মণবাড়িয়ায় মাঈনুল হাসান আবু বকর (৪) নামের এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের কান্দিপাড়া এলাকায় একটি টিউবওয়েলের সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু বকর ওই এলাকার হাসান মোল্লার ছেলে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আবু বকর শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে নিখোঁজ ছিল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে কান্দিপাড়া এলাকার একটি টিউবওয়েলের সামনে থেকে গলাকাটা অবস্থায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফুজ্জামান হিমেল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেফতার করা হবে।










