পাঁচ লক্ষ ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার (২২ মে) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন দণ্ডিত আসামিরা হলো— টেকনাফের সাবরাং ইউনিয়নের মো. মহররম আলী, একই ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙার পাড়ার মো. আমান উল্লাহ, টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়ার নুর আলম, একই উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ার আবদুল মুনাফ, উখিয়ার বালুখালী ৯ নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের আবদুল পেডাম, টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়ার আ. শুক্কুর ও সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ার মো. জাহিদ হোসেন। রায় ঘোষণার সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন একই আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, আনোয়ার হোসাইন, আবু হেনা মোস্তফা কামাল ও অ্যাডভোকেট তাজমিন হুদা চৌধুরী সেতু।

মামলায় যাবজ্জীবন দণ্ডিত আসামি রোহিঙ্গা শরণার্থী আবদুল পেডামকে সাজা ভোগের পর মিয়ানমারে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।