কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্প আশ্রয় শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা বৃদ্ধ কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় নৈশপ্রহরীর দায়িত্ব থাকা সৈয়দ আলমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের হাসপাতাল নিয়ে গেলে সৈয়দ আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দু-গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটক করতে অভিযান চলছে।










