নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কায়েমপুরে একটি বহুতল ভবনে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। পাইপ লিকেজের কারণে ঘটনাটি ঘটে বলে ধারণা করছে স্থানীয় ফায়ার সার্ভিস। শনিবার রাত ১১টার দিকে কায়েমপুরের বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধরা হলেন- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা ওই ভবনের পঞ্চমতলায় ভাড়া থাকেন। জানা গেছে, দগ্ধরা সবাই একটি গার্মেন্টেসের জুট গোডাউনের শ্রমিক। ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, কাজ শেষ করে বাড়ি ফেরার পর রান্নার জন্য দিয়াশলাইয়ের কাঠি ধরাতেই ওই ফ্ল্যাটটিতে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। এ সময় জুট গোডাউনের চার শ্রমিকই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ লিক হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। যে কারণে বিস্ফোরণ ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ খুঁজে বের করা হচ্ছে।