করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে শনিবারের মতো আজ রোববারও গণটিকা কার্যক্রম চলছে। ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জে এ কার্যক্রম উদ্বোধনের পর শুরুর দিনে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আজও এ পরিস্থিতির পরিবর্তন নেই বরে অভিযোগ টিকাপ্রার্থীদের। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডে মাত্র একটি করে কেন্দ্র থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। একেকটি ওয়ার্ডে প্রায় বিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার পর্যন্ত ভোটার হলেও মাত্র ৬০০ জনের জন্য টিকা বরাদ্দ দেওয়ায় এই জনভোগান্তি সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও দুপুর বারোটার মধ্যে টিকা শেষ হয়ে যাওয়ায় ফিরে যেত হচ্ছে তাদের। একই অবস্থা সিটি করপোরেশনের বাইরে ৫টি পৌরসভা ও ৪৬টি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জে সিটি করপোরশেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর ৭৮টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিচালনা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই ৭৮টি কেন্দ্রের মাধ্যমে জেলায় একদিনে টিকা বরাদ্দ হয়েছে মাত্র ৪৬ হাজার ৮০০ জনের, যেখানে মোট ভোটার রয়েছেন ২০ লাখেরও বেশি। চাহিদার তুলনায় প্রতি কেন্দ্রে ৬০০ করে টিকা কার্যত কিছুই না বলে মন্তব্য করছেন টিকাপ্রার্থীরা। সাধারণ মানুষের জন্য তাই টিকার পরিমানসহ  স্বাস্থ্য কর্মী বাড়ানোর দাবি করছেন তারা। 

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট ২৭৮ জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন।

জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩০৩ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮০০ জন।