কক্সবাজারের
রামুতে বিজিবির সঙ্গে গরু চোরাকারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্দুর জব্বার (৪০)
নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি সদর
দফতর।
আজ
রোববার (৯ এপ্রিল) সকালে বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গতকাল
রাতে চোরাই গরু জব্দ করে বিজিবির টহল দল পায়ে হেঁটে ফেরার সময় কাউয়ারখোপ এলাকায় সংঘবদ্ধ
চোরাকারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এসময় বিজিবির ৪ সদস্য আহত হন।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তায়
আরো বলা হয়, এ সময় টহল দল আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হলে এক চোরাকারবারি গুলিবিদ্ধ
হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুকসহ কিরিচ ও দা উদ্ধার করা হয়।
রাতে
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম জানিয়েছেন, বিজিবির
নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্যদের গুলিতে স্থানীয় নির্মাণ সামগ্রীর দোকান কর্মচারী
জব্বার নিহত হন। এক ব্যক্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালে
দায়িত্বরত পুলিশ সদস্য মোহাম্মদ রিপন চৌধুরীও।
পরে
কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আল জানান, ময়নাতদন্ত
করে নিহত জব্বারের মরদহ তার কাছে তুলে দেয়া হয়েছে। তিনি মরদেহটি পরিবারের হাতে তুলে
দিয়েছেন।
বিষয়টি
নিয়ে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল
করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।










