বঙ্গোপসাগর সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে। এ কারণে উপকূল অঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয় দিতে কক্সবাজারের ৬৮টি হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতি।

কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার জানিয়েছেন, কক্সবাজারে দুর্যোগপূর্ণ সময়ের কথা বিবেচনা করে আমরা ৬৮টি হোটেল-মোটেল ও গেস্ট হাউস আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছি। এতে করে অন্তত অর্ধলাখ মানুষ আশ্রয় নিতে পারবে।

এর আগে ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের সকল হোটেল মোটেল ও রিসোর্টকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ঘূর্ণিঝড় মোখা যেহেতু কক্সবাজারমুখী, সেহেতু কক্সবাজারসহ সেন্ট মার্টিন দ্বীপ ঝুঁকিতে রয়েছে। এ জন্যই সেন্ট মার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেন্ট মার্টিনে ভিন্ন জেলার লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।