দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে গতকাল একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এও বলেছেন, ‘মানুষের মধ্যে সংশয়-শঙ্কা-বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন উঠছে যে নির্বাচন হবে তো?’

সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘একটা ষড়যন্ত্র চলছে, সে ষড়যন্ত্রটা হচ্ছে, মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থার রাজনীতি, উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতি নিয়ে আসার। এটি বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। সেজন্য উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

নির্বাচন না হলে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি সবসময় যেটা বলি, নির্বাচন হবেই এবং যে সময়ের মধ্যে ঘোষণা দেয়া হয়েছে, সে সময়ের মধ্যেই হবে। এ কারণেই যে এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন বন্ধ করা হয় তাহলে এ জাতি প্রচণ্ড রূপে ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে।’ নির্বাচন কমিশনের রোডম্যাপের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠান ও সরকার সবাই মিলে যদি আমরা এটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা একটি লক্ষ্যে পৌঁছতে পারব। তবে মাঝে মাঝে হতাশ হই যখন দেখি, কিছু দুর্বৃত্তের কারণে আমাদের এতদিনকার লড়াই, সংগ্রাম ও স্বপ্ন সেটা কেন জানি ম্লান হয়ে যাচ্ছে।’

কতগুলো রাজনৈতিক দল মিথ্যা ও ভুল প্রচারণা চালিয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায় বলে অভিযোগ দলটির মহাসচিবের। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখনো আপনারা ক্ষমতার কাছে আসেননি। অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র আছে। সেগুলোকে মোকাবেলা করে আপনাদের ভালো কাজ দিয়ে, ঐক্য নিয়ে জনগণের কাছে যেতে হবে।’

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘সত্য কথা, জুলাই-আগস্টে ছাত্ররা বেরিয়ে এসেছিল। কিন্তু পরে সাধারণ মানুষ এতে যোগ দিয়েছেন বলে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে মানুষ একটা পরিবর্তন চায়, সে পরিবর্তনটা বিএনপির কাছে চায়। তারা বিএনপির ওপর তাকিয়ে আছে, কীভাবে গণতন্ত্রকে পুরোপুরি প্রতিষ্ঠা করবে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, সাংবাদিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ড্যাবের সভাপতি অধ্যাপক জাহানারা লাইজু প্রমুখ।