ট্রেনে ঢাকার টিকিট কেটেছিলেন মো. রুহুল কুদ্দুস। কিন্তু দুই মেয়েকে নিয়ে স্টেশনে গিয়ে দেখেন ট্রেনের সঙ্গে টিকিটে লেখা বগি সংযুক্ত নেই। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন তিনি।

এই ভুক্তভোগী গত রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিতভাবে বাংলাদেশ রেলওয়ের টিকিট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ডিনসন জেডিকে অভিযুক্ত করেন। অভিযোগপত্রে একইসঙ্গে ট্রেনে কর্তব্যরত গার্ড (পরিচালক) ও টিটিইর (ট্রাভেল টিকিট এক্সামিনার) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন।

অভিযোগ পত্রে রুহুল কুদ্দুস উল্লেখ করেন, ১৮ আগস্ট ঢাকা যাওয়ার জন্য উপকুল এক্সপ্রেস ট্রেনের তিনটি টিকিট ক্রয় করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার টিকিট না পেয়ে তিনি নোয়াখালী-ঢাকার টিকিট কাটেন, যার বগি নম্বর ‘ছ’ ও সিট নম্বর ৩৩-৩৫। পরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এসে ‘ছ’ বগি খুঁজে না পেয়ে ১১ ও ৬ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে ‘চ’ বগিতে উঠেন।

ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি কর্তব্যরত গার্ডের সহযোগিতা চান। ‘ছ’ বগি সংযুক্ত না থাকায় তার কিছু করার নেই বলে জানান গার্ড। পরে টিটিইর সহযোগিতা চাইলে তিনি পুলিশের ভয় দেখান। এ সময় দুই মেয়ে কান্না শুরু করে। এ অবস্থায় ‘চ’ বগির একটি টয়লেটের সামনে দাঁড়িয়ে ঢাকায় পৌঁছান কুদ্দুস।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।