পর্যটন শহর কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ২৮ হাজার ৮১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গতকাল কক্সবাজার পৌরসভার নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শেষে রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেন এ ফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাসেদ (নারিকেল গাছ) পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেন জানান, কক্সবাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮১১। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৮৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৬ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪৩টি কেন্দ্রে ২৪৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ডে এসআই আকতার কামাল আজাদ, ২নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল, ৪নং ওয়ার্ডে এহসান উল্লাহ, ৫নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার, ৬নং ওয়ার্ডে ওমর ছিদ্দিক লালু, ৭নং ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু, ৮নং ওয়ার্ডে রাজবিহারী দাশ, ৯নং ওয়ার্ডে হেলাল উদ্দিন কবির, ১০নং ওয়ার্ডে সালাউদ্দিন সেতু, ১১নং ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু, ১২নং ওয়ার্ডে এমএ মঞ্জুর।