নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শীর্ষ প্রার্থীদের প্রচার-প্রচারণা দারুণ জমে উঠেছে। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। গতকাল ছুটির দিন সকাল থেকেই মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সদ্য সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিভিন্ন পাড়া-মহল্লায় এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন, দিয়েছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

ডা. আইভী ১৩ নম্বর ওয়ার্ডের জামতলা, হাজী ব্রাদার্স রোড, মাসদাইরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি নৌকা প্রতীকে ভোট চান এবং বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন। পরে সাংবাদিকদের আইভী বলেন, জনগণ ভোট দিয়ে আবারো সেবা করার সুযোগ দিলে অসম্পন্ন উন্নয়ন কাজগুলো আগে সমাপ্ত করব। সিটি করপোরেশনের প্রতিটি পাড়া-মহল্লায় সুপেয় পানির ব্যবস্থা করব।

আইভী বলেন, সিটি করপোরেশন শুধু অ্যাপার্টমেন্ট বা মার্কেট নির্মাণ করেনি। সিটি করপোরেশনের আয় বৃদ্ধির জন্য যেসব খালি জায়গা মানুষের দখলে ছিল, সেগুলো উদ্ধার করে মার্কেট ও অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে। সেখানে মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। সিটি করপোরেশনের আয়ের টাকা দিয়েই কর্মকর্তা ও কর্মচারীদের বেতন পরিশোধ করা হয়। সিটি করপোরেশন সাবলম্বী হয়েছে, আজ এত উন্নয়ন করতে পেরেছে।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের সাইলো গেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে আদমজী, সুমিলপাড়া ও বিহারি কলোনি এসও রোড, বামা স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে হাতি প্রতীকে ভোট চান। জনগণ বিজয়ী করলে নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন তৈমুর। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ৫০ বছরে আমার কর্মকাণ্ড সম্পর্কে মানুষ জানে। রাজপথে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছি, পুলিশের মার খেয়েছি, কিন্তু জনগণের পাশ থেকে সরে যাইনি। তাই জনগণ আমার পাশে আছে।