সাতটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে আটটি আসন বণ্টন করেছে বিএনপি। গতকাল দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মো. আসাদুজ্জামান। ২৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
বিএনপি যাদের জন্য আসন ছেড়েছে তারা হলেন বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫-এ ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলোতে সমঝোতা করেছি। এ তালিকার পরও আলোচনা চলবে, তারপর সিদ্ধান্ত হলে আমরা জানাব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেয়া হয়েছে। রেদোয়ান সাহেব আজ যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই বিএনপিতে যোগ দেবেন।’
তিনি বলেন, ‘যাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ ছেড়ে দিয়ে সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে ২১ ডিসেম্বর ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন তিনি। পরে ২৩ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তখন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
অন্যদিকে বিএনপির সঙ্গ ছেড়ে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। গতকাল জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের গুলফেশা টাওয়ারে এলডিপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
আর এলডিপি থেকে পদত্যাগ করে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ যোগ দিয়েছেন বিএনপিতে। গতকাল দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন তিনি। কুমিল্লা-৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রেদোয়ান আহমেদ নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেন মির্জা ফখরুল।
রেদোয়ান আহমেদ বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, বিএনপি তার শরিকদের আসন বণ্টনে ছাড় দেবে—এর সঙ্গে আমি একমত। কিন্তু আমার দলের চেয়ারম্যান অলি আহমদ বিএনপির এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন। এলডিপির সিংহভাগ স্থায়ী কমিটির সদস্য ও সারা দেশে এলডিপির নেতাকর্মীরা আমার সঙ্গে একমত পোষণ করেছেন। আমি আশা করি, অলি আহমদের শুভবুদ্ধির উদয় হবে এবং বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় একমত হবেন।’










