নারায়ণগঞ্জে ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছে অন্তত ১০ জন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তল্লাশি অভিযান চলছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারটি যাত্রীবোঝাই করে বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। অধিকাংশ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও অন্তত ১০ যাত্রী নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার বা ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা যায়নি। খবর পেয়ে নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএ, ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উদ্ধার তত্পরতায় যুক্ত হন। এছাড়া জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, নৌ-পুলিশের এসপি মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ট্রলারে যাত্রীদের অধিকাংশই ছিল গার্মেন্টকর্মী। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে ধলেশ্বরীর তীরে ভিড় করছেন স্বজনরা। নিখোঁজদের মধ্যে একই পরিবারে চারজন রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রলার থেকে বেঁচে ফেরা ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা নাঈম জানান, ৫০-৬০ জন যাত্রী নিয়ে প্রতাপনগর ঘাট থেকে ট্রলারটি ধর্মগঞ্জ ঘাটের দিকে আসছিল। মাঝনদীতে একটি লঞ্চ ট্রলারকে দেয়। লঞ্চটি ট্রলারের ওপর দিয়ে দ্রুত চলে যায়। তিনি দাবি করেন, ঘন কুয়াশার কারণে নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। লঞ্চটি কোনো সিগন্যাল বা হর্নও বাজায়নি। খুব কাছাকাছি চলে আসার পরও লঞ্চটিকে থামানোর চেষ্টা করেননি চালক। উল্টো দ্রুত চালিয়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘাট দিয়ে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ যাতায়াত করে। কিন্তু ইজারাদার মাত্র একটি ট্রলার দিয়ে যাত্রী পারাপার করে। এতে প্রতিটি ট্রলারেই যাত্রীর ভিড় থাকে। ট্রলার একটি হওয়ার কারণে ঘাটে এসে যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। এ কারণে ঘাটে ট্রলার এলেই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে।
নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ৫০-৬০ যাত্রী নিয়ে বক্তাবলীর প্রতাপনগর গুদাড়াঘাট থেকে ধর্মগঞ্জ গুদাড়াঘাটে আসার পথে মাঝনদীতে একটি লঞ্চ ধাক্কা দেয়। এ সময় লঞ্চ ট্রলারকে ৪০-৫০ গজ দূরে নিয়ে যায়। পরে যাত্রীদের অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ১০ যাত্রী নিখোঁজ রয়েছে। ঘনকুয়াশার কারণে নৌকার যাত্রীরা লঞ্চটি এবং লঞ্চটিও ট্রলার দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, নিখোঁজরা হলো মনির, মোতালিব, আব্দুল্লাহ, মলি, তাসলিমা, তাসফিয়াসহ আটজন। নিখোঁজের তালিকা আরো বাড়তে পারে।
নারায়ণগঞ্জে ধলেশ্বরীতে ট্রলারডুবির ঘটনায় এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটি জব্দ ও দুজন মাস্টার, দুই চালককে আটক করেছে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।
এদিকে লঞ্চমালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়েছে।










