সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে গতকাল তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাই। শারদীয় দুর্গা পূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি ও আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
বিবৃতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন, সৌহার্দ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। এবারের শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘একজন বাংলাদেশী হিসেবে আমি মনে করি, উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্ব। আমাদের রাষ্ট্র ও সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী—প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।’
তিনি বলেন, ‘পবিত্র হাদিসেও এ ব্যাপারে নির্দেশনা রয়েছে। যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন-সম্পদ হরণ করে নেয়—এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী (সা.) তার উম্মতদের সতর্ক করে দিয়ে বলছেন—কেয়ামতের দিন আমিই সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।’
তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক অন্য নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটিই স্বাভাবিক রীতি।’ কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করতে না পারে, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।










