কক্সবাজার থেকে আট বাংলাদেশিকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে। ওই আটজনের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণও চাওয়া হয়েছে। অভিযোগ পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। আজ সোমবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃতদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃতদের পরিবারের বরাতে ওসি হালিম জানান, রোববার বিকেলে বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ের পাশের একটি খালে মাছ ধরতে গিয়েছিলেন ওই আট জেলে। এ সময় অস্ত্রের মুখে তাদের অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় মুখোশধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা।
হাবিব উল্লাহ নামে একজন জানান, অপহৃত আটজনের মধ্যে রয়েছেন তার দুই ভাই। অপহরণের পর তার ভাই মোস্তফা ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, মাছ ধরার সময় পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
পরে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে তাদের কাছে তিন লাখ টাকা চাওয়া হয়েছে বলেও জানান হাবিব।
বাহারছড়ার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের জানান, মাছ ধরতে গিয়ে দীর্ঘক্ষণ পরও ফেরত না আসায় সন্ধ্যার পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ ঘটনা জানায় পরিবারগুলো।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত আট জেলেকে উদ্ধার এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।










