নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ হাজার ৮১৫ কেজি
নিষিদ্ধ পলিথিনসহ সারোয়ার হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় অভিযান চালিয়ে এ পলিথিন জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নারান্দী এলাকায় অভিযান
চালিয়ে সারোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার
করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ পলিথিন ব্যবসার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী নারান্দী এলাকার রূপ মিয়ার বাড়িতে ভাড়া করা গুদামে অভিযান চালিয়ে পুলিশ ২ হাজার ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও নগদ ৩ লাখ ২৭ হাজার ১০ টাকা উদ্ধার করে। পরে তাকে নিয়ে পার্শ্ববর্তী শাহজাহান মিয়ার বাড়ির একটি গুদামে অভিযান চালিয়ে আরো ১ হাজার ৮০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিনের
আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
এ ঘটনায় পুলিশের এসআই শামীম আল মামুন বাদী হয়ে গতকাল আড়াইহাজার থানায় একটি মামলা করেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পলিথিন উদ্ধারের ঘটনায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ফতুল্লার মুসলিমনগরে একটি শিল্প-কারখানার শ্রমিকের বস্তাবন্দি হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমির হামজা (২৫) টাঙ্গাইল সদর উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকা ভাড়া বাসায় থেকে বিসিকের এমএস ডায়িং নামের কারখানায় চাকরি করতেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে।










