বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নির্বাচনী সমঝোতা চলমান রয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি মজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির সমর্থনে জামায়াত ফেনী-২, বরিশাল-৩ ও পটুয়াখালী-১ আসনে তাদের প্রার্থী দেয়নি। এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন, ‘জামায়াতের আটদলীয় নির্বাচনী সমঝোতার সঙ্গে আমরা যুক্ত আছি। আলোচনা চলমান রয়েছে।’
নাম অপ্রকাশিত রাখার শর্তে এবি পার্টির এক নেতা বণিক বার্তাকে বলেন, ‘গত রোববার রাতে জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের সমঝোতা হয়। এর পর পরই আমাদের দলের একটি মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকার জন্য আমরা সবাই এ বিষয়ে সম্মত হয়েছি। কারণ দুটি বাইনারির মধ্যে আমাদের একটিকে বেছে নিতে হয়েছে। ফেনী-২, বরিশাল-৩ আর পটুয়াখালী-১। আমাদের জন্য তিনটি সিট বরাদ্দ।’
এদিকে গতকাল বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের বলেন, ‘ভয়ের পরিবেশ থাকলে গণতন্ত্র নিরাপদ থাকে না। ভালো নির্বাচন করা যায় না। সুতরাং প্রশাসন ও নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে গুরুত্বসহকারে অ্যাড্রেস করতে হবে। নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রতিটি আসনে নির্বাচনী পরিবেশ রক্ষা কমিটি করা দরকার। দলগুলো দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করবে এবং প্রতিপক্ষকে বুদ্ধি-যুক্তি দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে। ভয় বা রামদা দেখিয়ে নয়।’
তিনি আরো বলেন, ‘যৌথ বাহিনীর অপারেশনের মাধ্যমে বিভিন্ন গংদের গ্রেফতার করা দরকার। তা না হলে একতরফা নির্বাচন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। বিভিন্ন অঞ্চলে কেন্দ্র দখলের খবর আমরা পাচ্ছি, যা আমাদের জন্য সুখকর হবে না। এখানে আরো একটি বিষয় হলো আমাদের মনোনয়ন ফরমটা খুব সেকেলে।’










