কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আজ রোববার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে ক্যাম্পের বি ও ই ব্লকে আগুন লাগে। এখন পর্যন্ত আগুনে ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি ৮ এবিপিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, উখিয়া ও টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সাহায্যের জন্য কক্সবাজার ও রামু স্টেশনকেও খবর দেয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এরই মধ্যে বেশকিছু ঘর আগুনে পুড়ে গেছে। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছেন না তিনি।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নুর ইসলাম বলেন, ‘বিকাল তিনটার পরপরই আগুন লাগে। আমরা অনেক মানুষকে ঘরগুলো থেকে সরিয়েছি। এখনো আগুণ জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।’

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছুদ্দৌজা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আরও কয়েকটি ইউনিটকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়। গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যান ১৫ রোহিঙ্গা। ওই দুর্ঘটনায় ছাই হয় ১০ হাজার ঘর।