ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে খলিল মেম্বার ও হক মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতাল ও সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।
আহতরা হলেন- হক মিয়া (৩৯), ফুল মিয়া (৩০), জমিলা (৩০), মিন্টু মিয়া (২৬), জুরু মিয়া (২৬), দুলাল (৩০), জামেলা (৫০), মাইনুল (২০), আলমগীর (২০), জজ মিয়া (৫০), আঙ্গুর মিয়া (২০), সোহরাব (৫৫), সিয়াম (৮), রিমা (২৫), মনির (৩২), জুয়েল (৪০), রাজিউর রহমান (৫৫), সূচনা (৩৯), আবুল সালাম (৪৫)। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়ধরকান্দি গ্রামের প্রবাসী আল আমিন একই এলাকার বোরহান মিয়াকে বিদেশ নেয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নেয়। কিন্তু দীর্ঘ দিনেও বিদেশ না নেয়ায় বুধবার সকালে বোরহান আল আমিনের বাবার কাছে টাকা ফেরত চায়। এনিয়ে তাদের দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আল আমিন ও বোরহানের পক্ষ নিয়ে খলিল মেম্বার ও হক গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।










