ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হামলায় খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার নাটঘর ইউপির কুঁড়িঘর বাজারে এ ঘটনা ঘটে। নিহত খায়ের নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়ের মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা-জমির বণ্টন নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে কুঁড়িঘর বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। এ সময় রফিক মিয়ার কিলঘুসিতে আবুল খায়ের অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানার শিবপুর ক্যাম্পের এসআই কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।