আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। এ নিয়ে এখন শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মেয়র পদে সাত প্রার্থী নির্বাচন করলেও লড়াই হবে মূলত আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মধ্যে। গতকাল প্রচারণাকালে তৈমুর বলেন, আমি সবার ভোট চাই। কে ভোট দেবে, কে দেবে না তা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি আমাকে ভোট দিতে চায় কেউ বাধা দিতে পারবেন না। আর কেউ ভোট দিতে না চাইলে আমি তাকে জোর করতে পারব না।
এবার নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম। নির্বাচনে যাওয়ায় দল তার পদও কেড়ে নিয়েছে। কিন্তু এতে বিশেষ সুযোগ হয়েছে বলে দাবি করলেন তৈমুর। তিনি বলেন, আমার দল আমাকে ভালো কাজ করে দিয়েছে। এখন নৌকার ভোটও পাওয়ার সুযোগ করে দিয়েছে। গত ৫০ বছরে নারায়ণগঞ্জে আমার কাজ আছে। গণবিরোধী কোনো ভূমিকা নেই। জনগণ স্থানীয় নির্বাচনে স্থানীয়ভাবে চিন্তা করে। জাতীয়ভাবে চিন্তা করে না। সবার সাড়া পাচ্ছি।
গতকাল সকালে শহরের নবীগঞ্জ এলাকায় গণসংযোগ করেন তৈমুর আলম খন্দকার ও তার লোকজন। তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।










