কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের দক্ষিণ রহমতের বিল এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। 
তবে এ অভিযানে চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির।

এ বিজিবি কর্মকর্তা জানান, আজ ভোরে সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান পাচারের খবরে অভিযান চালায় বিজিবির একটি দল। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জনের একটি দল বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বস্তাটি খুলে ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা। মাদকগুলো এখন বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।