দেশের বিরুদ্ধে রাজাকার, আলবদর ও তাদের উত্তরসূরিদের যেকোনো ষড়যন্ত্র জনগণ রুখে দিবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তিনটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে অথবা রাজাকার, আলবদর ও তাদের উত্তরসূরিরাও যদি ষড়ষন্ত্র করে, তাহলে দেশের মানুষ তাদের রুখে দিবে এবং প্রতিরোধ করবে।


আজ দুপুরে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন কেন্দ্র ও সেচ প্রকল্পের আওতায় কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন তিনি। এরপর আনসার সদস্যদের জন্য ব্যারাক ভবন উদ্বোধন করেন আনিসুল হক।


উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার, জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।