সিলেট নগরের সুবিদবাজারে বেপোরোয়া ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর বিক্ষুব্দ জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।পরে ট্রাক ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ট্রাক শ্রমিকরা।

এদিকে, পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে আটক করেছে।

জানা গেছে, রাত ১০টায় সিলেট ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে আসা সুনামগঞ্জমুখী একটি ট্রাক সুবিদবাজার এলাকায় একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেলের দুই আরোহী সজিব (২৫) ও লুৎফুর (২০)। তাদের দুজনই নগরের জালালাবাদ এলাকার বাসিন্দা।

এদিকে ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় একঘণ্টার অবরোধে অন্তত ২০টি ট্রাক ভাংচুর করেন তারা এবং চারটি ট্রাকে অগ্নিসংযোগ করেন। ঘণ্টাখানেকের চেষ্টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বিক্ষুব্দ জনতাকেও বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে।

এদিকে রাতেই দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক জাহিদ মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ।

এ তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, চালক জাহিদ মিয়া (৪৮) বগুড়ার শিবগঞ্জের মৃত মোজাহার হোসেনের ছেলে।

আশরাফ উল্লাহ তাহের বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা চারটি ট্রাকে অগ্নিসয়োগ করে। ঢাকা মেট্রো ট ১৮-৪৫০১, ঢাকা মেট্রো চ ২৪-২০০৯, বগুড়া ট ১১-১৮৮৫ এবং যশোর ট ১১-২০৫৭ এই নম্বরের ট্রাকগুলো পুড়ানো হয়। এছাড়া অনেক ট্রাক ভাংচুরের শিকার হয়।

এদিকে, ট্রাকে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাত ১২টায় নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকরা। সড়কে ট্রাক রেখে অবরোধের কারণে সিলেট-ঢাকা মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।