বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি তৈরি পোশাক প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গতকাল বেলা ১১টা থেকে ইপিজেড মোড়ে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধের ফলে নগরের স্টিল মিল পর্যন্ত সড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে দেড় ঘণ্টা পর সড়ক থেকে সরিয়ে দেয়া হয়।

শ্রমিকদের দাবি, ফেব্রুয়ারি ও মার্চের বেতন ও ঈদের বোনাস বকেয়া রেখেছে মালিক পক্ষ। এ বকেয়া পরিশোধ নিয়ে মালিক পক্ষ বরাবর সময় দিলেও কালক্ষেপণ করছে তারা, যার কারণে সড়ক অবরোধ করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান বলেন, ‘‌জেএমএস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ করে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। আগামীকাল (মঙ্গলবার) তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে মালিক পক্ষ। পরে তারা সড়ক থেকে সরে যায়।’