বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ক্রিকেট খেলার জন্য যে পরিমাণ মাঠের প্রয়োজন সেই পরিমাণ মাঠ নেই। ফতুল্লা স্টেডিয়াম (খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম) দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে আছে। এটি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সর্বশেষ বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে সমীক্ষাও করা হয়েছে। আশা করি, একনেকের সভায় অর্থ বরাদ্দ হলেই মাঠের কাজ শুরু হবে।
গতকাল বিকালে নারায়ণগঞ্জে ‘নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন থ্রি’র ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক ক্রিকেটারদের নিয়ে মাসদাইর সামসুজ্জোহা ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে শীতলক্ষ্যা ভাইকিংসকে হারিয়ে নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নেয়।
জালাল ইউনুস ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিজয়ীদের পুরস্কার দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নিট কনসার্ন ক্রিকেট টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ উর রহমানসহ অনেকে।










