কক্সবাজারের মাদক কারবারিদের সদ্য প্রকাশিত তালিকা যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তালিকায় নাম এল বলে কেউ দোষী হয়ে যায়নি। সেটা জাস্টিফাই করে গোয়েন্দাদের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আজ রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে নেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপহরণ ও খুনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা সব খবর নিয়েছি। খুন, ডাকাতি ও অপহরণের সুযোগ কাউকে দেওয়া হবে না। সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠকে বিগত ২৫তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধকল্পে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সেন্টমার্টিন দ্বীপসহ এ অঞ্চলের সীমান্ত এলাকায় বিজিবি এবং কোস্ট গার্ডের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনাসহ বিভিন্ন বিষয় এজেন্ডায় রাখা হয়।