ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের সম্পদ নগদায়ন করে রাষ্ট্রীয় কোষাগারে
জমার আহ্বান জানিয়েছে ‘লুটেরাদের বিরুদ্ধে আমরা’ নামে একটি প্লাটফর্ম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে
এ দাবি জানায় প্লাটফর্মটি।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত সব আর্থিক অনিয়মের
শ্বেতপত্র প্রকাশ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর বিভিন্ন দাবি জানিয়ে
স্মারকলিপি জমা দেয়া হয় প্লাটফর্মটির পক্ষ থেকে। দাবিগুলো হলো—অবিলম্বে অর্থপাচারকারী,
বৃহৎ হুন্ডি ব্যবসায়ী, আমদানি ও রফতানি ঋণপত্রে ‘আন্ডার’ ও ‘ওভার’ ইনভয়েস তৈরিকারীদেরকে
চিহ্নিত করতে হবে; স্বাধীনতার পর গত ৫৩ বছর, বিশেষ করে গত ১৫ বছরে পাচারকৃত অর্থের
পরিমাণ নিরূপণ করতে হবে; আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার
সর্বাত্মক উদ্যোগ নিতে হবে; এবং অর্থপাচারকারী ও অর্থপাচারে সহায়তাকারীদের স্থাবর-অস্থাবর
সব সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নগদায়নের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করতে হবে।










