সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুকে ধর্ষণের দায়ে হাবু খাঁ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল-১ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় দেন।
অর্থদন্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় আসামিকে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত হাবু খাঁ (৩০) জেলার শাহজাদপুর উপজেলার ডায়াখাপাড়াঁ গ্রামের শের আলী খার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, শাহজাদপুরের হামলাকোলা গ্রামের ১১ বছর বয়সের ৪র্থ শ্রেণির ছাত্রী গত ২০১৬ সালের ২৬ জুন সকালে বিদ্যালয়ে স্কুল শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে যায়। ওই সময় বিদ্যালয়ে কোন শিক্ষার্থী উপস্থিত না হওয়ায় সে স্কুল পাশ্ববর্তী একটি বাড়িতে তার বান্ধবীকে ডাকতে যায়। পথিমধ্যে আসামি হাবু খাঁ মেয়েটিকে পেছন থেকে জাপটে ধরে পাটক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়েটির বাবা পরবর্তী সময়ে শাহজাদপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি এবং সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালত ৫০ হাজার টাকার অর্থদন্ডসহ উক্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা প্রদান করেন। মামলার বাদী পক্ষের সরকারি কৌসুলি নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালতের স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী হিসেবে আব্দুল আজিজ আনসারী শুনানিতে অংশগ্রহণ করেন।










