সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা গিয়েছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বেলা ২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। কয়েসের ভাই যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আহমেদ উস সামাদ চৌধুরী ফেসবুকে প্রথম ভাইয়ের মৃত্যুর খবর জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ বলেন, তাকে ৭ মার্চ রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকালে তার ফলাফল পজিটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান কয়েস।
জানা যায়, ১০ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে টিকা নেন এ সংসদ সদস্য। তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। তবে এক সপ্তাহ ধরে তিনি অসুস্থতা বোধ করতে থাকেন। এরপর ৭ মার্চ সিলেট থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে ভর্তি হন কয়েস। করোনা সংক্রমণের শুরুতে নিজ সংসদীয় এলাকার মানুষজনকে সহযোগিতা করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন কয়েস।










