কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে ২৬ ডিসেম্বর রাতে। এর আগে ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
গতকাল দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান পরাগ গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কুমিল্লার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।










