রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদ এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিলুফার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামে। তার স্বামীর নাম আনোয়ার হোসেন। তিনি গাজীপুর পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন। রাজধানীর সবুজবাগের বাসায় মেয়ে আফিয়াকে নিয়ে ভাড়া থাকতেন নিলুফা।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এস আই) ফাতেমা আক্তার জানান, ১৪ বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে নিলুফা ইয়াসমিনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে আরাফাত (১০) একটি মাদ্রাসায় পড়াশোনা করে। আর্থিক সমস্যা ও ছেলের পড়াশোনাসহ নানা চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জানান, আজ রোববার আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










