নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারিশ পোলট্রি ফিডের কাভার্ড ভ্যানের ধাক্কায় রুবি আক্তার (৩১) ও তার মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা (১২) নিহত হয়েছে। এ ঘটনায় নিহত রুবি আক্তারের আরেক মেয়ে নাফিজা (৬), অটোরিকশা
চালক হুমায়ুন মিয়া (৩২) মারাত্মক আহত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবি আক্তার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও ফাতেমা-তুজ-জোহরা নজরুল ইসলামের বড় মেয়ে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, দুপুরে বিরাব নিজ বাড়ি থেকে নজরুল ইসলামের স্ত্রী রুবি আক্তার বড় মেয়ে করাটিয়া মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে সঙ্গে নিয়ে অটোরিকশায় বাবার বাড়ি কালাদীর উদ্দেশ যাচ্ছিলেন। এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌঁছালে গাজীপুরগামী নারিশ পোলট্রি ফিডের কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি আক্তার ও তার বড় মেয়ে ফাতেমা-তুজ-জোহরা নিহত হয়। আহত হয় ছোট মেয়ে নাফিজা আক্তার ও অটোরিকশাচালক হুমায়ুন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক গাজীপুরের কাপাসিয়া থানাধীন চিনাঢুলি এলাকার দিনেশ চন্দ্রের ছেলে তপন চন্দ্র ও সহকারী একই জেলার তরগাঁও এলাকার কাদের মাঝির ছেলে তারেক মাঝিকে আটক করে পুলিশ।










