ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্রয়লার মুরগির খামারে বায়োগ্যাসের ট্যাংক বিস্ফোরণে জুবায়ের (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

জুবায়ের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামে শ্বশুরবাড়িতে থেকে জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূইয়ার মুরগির খামারে কাজ করতেন।

স্থানীয়রা জানান, জুবায়ের বিল্লাল ভূইয়ার মালিকানাধীন ব্রয়লার মুরগির খামারে ডিম সংগ্রহ করার কাজ করতেন। ওই মুরগির খামারে বায়োগ্যাস তৈরি করা হতো। শনিবার বিকালে বিকট শব্দে বায়োগ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা খামারে ছুটে এসে অচেতন অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৮টার দিকে জুবায়ের মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খামারের মালিক গা-ঢাকা দেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জুবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।