চারদিনের চীন সফর শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল। গতকাল ঢাকায় ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি-সিপিসি সমঝোতা দুই দেশের সম্পর্কে নতুন মাত্রায় উন্নীত করবে।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, গতকাল সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে সানঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন। আদর্শ কমিউনিটিতে সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।
গতকাল রাত ১০টা ৪০ মিনিটে বিএনপির প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছলে তাদের স্বাগত জানান ঢাকায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।










