নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

রোববার সকালে বক্তাবলী ফেরীঘাট এলাকায় মৃতদেহগুলো ভেসে উঠলে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, নিহতদের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।  তারা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার চর মধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার(৩০), মেয়ে তাসমিন আক্তার(১৬), কলেজছাত্র সাব্বির হোসেন ও জোসনা। বাকি দুটি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

শনাক্ত না হওয়া মৃতদেহ দুটি নদীর তীরে রাখা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশী অভিযান চলছে।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোরশেদ মো. জিয়াউল আলম জানান, পরিচয় নিশ্চিত হওয়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।বাকি দুটি লাশের পরিচয় শনাক্ত হলেই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত ৫ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এতে অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ১০ জন। তারপর থেকেই নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।